শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

দুই বছর পূর্তিতে বেরোবি উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা

তারেক পাশার সৌরভ,বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষে প্রফেসর ড. মো. শওকাত আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দপ্তর ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন জানান। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকাত আলী বেরোবির ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, শিক্ষার্থীদের সেশনজট নিরসন, একাডেমিক কার্যক্রম সচল রাখা, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম সম্প্রসারণ, প্রশাসনিক সংস্কার ও ডিজিটালাইজেশন, আইকিউএসি কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ চালু করা হয়েছে।

এছাড়া শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি, ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান, ক্যাম্পাস রেডিও পুনরায় চালু, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে দুটি একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ চলমান রয়েছে। পাশাপাশি উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও অতিথি ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে নতুন বাস সার্ভিস চালু করা হয়েছে। আবাসিক হলগুলোতে আধুনিক রিডিং রুম স্থাপন এবং নারী শিক্ষার্থীদের জন্য কেন্দ্রীয় মসজিদে পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।

দুই বছর পূর্তি উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে একাডেমিক ও ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যান অনুমোদিত হয়েছে। এর আওতায় নতুন ছাত্র-ছাত্রী হল, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, বহুতল একাডেমিক ভবন, টিএসসি-অডিটোরিয়াম, প্রশাসনিক ভবন সম্প্রসারণ, কেন্দ্রীয় লাইব্রেরি ও মসজিদ সম্প্রসারণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Link copied!