শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

নতুন ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদ সৃষ্টির প্রস্তাবে গবি শিক্ষার্থীদের উদ্বেগ

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

ছবি | ক্যাম্পাস রিপোর্ট

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালকে ঘিরে ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ নামে নতুন পদ সৃষ্টির প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে গণ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ শিক্ষার্থী কল্যাণ তহবিল। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভেটেরিনারি পেশার বিদ্যমান কাঠামো, পেশাগত দায়িত্বের সীমারেখা এবং ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের ভবিষ্যৎ কর্মসংস্থানে জটিলতা তৈরি হতে পারে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ শিক্ষার্থী কল্যাণ তহবিলের পক্ষ থেকে দেওয়া এক 'বিবৃতিতে' এসব কথা বলা হয়।

সাধারণ শিক্ষার্থীদের পক্ষে দেওয়া এ বিবৃতিতে বলা হয়, ভেটেরিনারি চিকিৎসা একটি স্বতন্ত্র ও বিশেষায়িত পেশা। এ পেশার জন্য দীর্ঘমেয়াদি একাডেমিক শিক্ষা, ব্যবহারিক জ্ঞান ও নিবিড় ক্লিনিক্যাল প্রশিক্ষণ প্রয়োজন। তাই ভেটেরিনারি পেশার সঙ্গে সংশ্লিষ্ট কোনো পদ বা দায়িত্ব নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও আইনগত দায়িত্ব সুস্পষ্টভাবে বিবেচনা করা জরুরি।

এ প্রেক্ষাপটে প্রস্তাবিত পদটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থী কল্যাণ তহবিল। একই সঙ্গে ভেটেরিনারি পেশার পেশাগত স্বার্থ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ দাবি করা হয়েছে।

বিবৃতিতে চারটি দাবি তুলে বলা হয়েছে, ‘ভেটেরিনারি’ শব্দযুক্ত কোনো পদে নিয়োগের ক্ষেত্রে ভেটেরিনারি শিক্ষার স্বীকৃত একাডেমিক ও পেশাগত যোগ্যতাকে বাধ্যতামূলক ভিত্তি হিসেবে বিবেচনা করা। সংশ্লিষ্ট পদের দায়িত্বের প্রকৃতি অনুযায়ী যোগ্য ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের নিয়োগের সুযোগ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

নতুন কোনো পদ সৃষ্টির ক্ষেত্রে ভেটেরিনারিয়ানদের বিদ্যমান পেশাগত দায়িত্ব ও কর্তৃত্বের সঙ্গে যেন দায়িত্বের কোনো ওভারল্যাপ বা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া দেশের ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের পেশাগত অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি জানানো হয়েছে। নতুন পদ বা নিয়োগ কাঠামো প্রণয়নের সময় ভেটেরিনারি পেশার দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের গুরুত্বপূর্ণ পদ সৃষ্টির আগে ভেটেরিনারি পেশাজীবী, শিক্ষার্থী, সংশ্লিষ্ট সংগঠন ও বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করে স্বচ্ছ ও যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

ভেটেরিনারি পেশার দায়িত্ব, মর্যাদা ও পেশাগত অধিকার সংরক্ষণে দৃঢ় অবস্থান ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, ভেটেরিনারি সেক্টরের স্বার্থ ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্কতা ও যথাযথ পেশাগত বিবেচনা করতে হবে।

Link copied!