মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম
শুক্রবার ১৮, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাঞ্চল্যকর আব্দুল আজিজ হত্যা মামলায় ১৩ বছর পর রায় দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক ফাহমিদা আক্তার এই রায় ঘোষণা করেন।
রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার আরও চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন - রুবেল মিয়া ও রুমান মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন - জয়নাল আবেদীন ও রিপন মিয়া। খালাসপ্রাপ্তরা হলেন - স্বপন মিয়া, জাহির মিয়া, কমরু মিয়া ও ফয়সল মিয়া।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ছানোয়ার হোসেন।
কোর্ট ও আইনজীবী সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৪ মে রাজনগর উপজেলার মুনয়ারপাড় গ্রামে আব্দুল আজিজকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযোগ অনুযায়ী, এসময় তার বাড়িতে চুরি ও শ্লীলতাহানির ঘটনাও ঘটে।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রাজনগর থানায় মামলা দায়ের করেন। ২০১৪ সালে আদালতে বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ১৩ বছর পর আজ এই রায় এলো।
সরকারপক্ষের আইনজীবী আব্দুল ওয়াহিদ জানান, রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই জন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি পলাতক রয়েছেন।
রাজন হোসেন তৌফিক, মৌলভীবাজার
১৭ সেপ্টেম্বর ২০২৬