প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ এএম
আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। শিক্ষা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে প্রতিবছর দিনটি শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে কয়েকজন নিহত হন।
১৯৫৯ সালে পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের সময়ে এস এম শরীফের নেতৃত্বে জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হয়। কমিশনের প্রতিবেদনের বিভিন্ন সুপারিশকে উচ্চশিক্ষা সংকোচন ও শিক্ষার ব্যয় বৃদ্ধির আশঙ্কা তৈরি করে বলে সে সময় সমালোচনা করা হয়। এর মধ্যে ডিগ্রি কোর্স দুই বছর থেকে তিন বছর করার প্রস্তাবও ছিল।
এই শিক্ষানীতির প্রতিবাদে ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামে। ওই দিনের আন্দোলনে পুলিশের গুলিতে বাবুল, গোলাম মোস্তফা ও ওয়াজিউল্লাহসহ কয়েকজন নিহত হন।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তৎকালীন সরকার শেষ পর্যন্ত শরীফ কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন স্থগিত করে। শিক্ষা অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে ১৭ সেপ্টেম্বর পরবর্তীতে শিক্ষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন শিক্ষা অধিকার ও ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনের ইতিহাস স্মরণ করে নানা কর্মসূচি পালন করে থাকে।
