প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
গালিবা আনতারা সোয়ারা
আমরা কি তবে মুক্ত নই? যে জায়গায় প্রতিনিয়ত থাকি, সেই পরিচিত জায়গাটাই কখনো কখনো কেন এত একঘেয়ে লাগে? প্রতিদিন একই ঘর, একই রাস্তা, একই পড়াশোনা, একই ব্যস্ততা-সব মিলিয়ে কখন যে মন ক্লান্ত হয়ে যায়, তা আমরা নিজেরাও বুঝতে পারি না। তখন শুধু মনে হয়, একটু দুরে কোথাও যাই।মন খারাপ হলেই কেন যেন ঘুরতে যেতে ইচ্ছে করে। কেউ পাহাড়ে যেতে চায়, কেউ সমুদ্র দেখতে চায়, কেউ নদীর পাশে বসতে চায়। আবার অনেক সময় কোথায় যাব, সেটাও ঠিক থাকে না। শুধু মনে হয়, এই পরিচিত পরিবেশটা থেকে একটু দূরে গেলেই ভালো লাগবে। কেন এমন হয়? হয়তো আমরা আসলে জায়গা বদলাতে চাই না, একটু নিজের মনটাকে বদলাতে চাই।প্রতিদিনের ব্যস্ততা আর একঘেয়েমির মধ্যে আমরা অনেক সময় নিজের জন্য সময়ই বের করতে পারি না। তাই মন যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে একটু খোলা জায়গা খোঁজে।
এমন একটা জায়গা, যেখানে কিছুক্ষণের জন্য কোনো তাড়া থাকবে না। কখনো নদীর পাশে বসে থাকা, গাছের নিচে হাঁটা, দূরের আকাশ দেখা কিংবা নতুন কোনো জায়গার রাস্তা ধরে হাঁটাও মনকে ভালো করে দিতে পারে। চারপাশের দৃশ্য বদলালে অনেক সময় আমাদের মনও একটু বদলে যায়। মনে হয়, জীবন শুধু এই একই জায়গা আর একই সমস্যার মধ্যে আটকে নেই। এর বাইরেও অনেক কিছু আছে। ঘুরতে যাওয়া মানেই শুধু আনন্দ করা নয়। কখনো ঘুরতে যাওয়া মানে নিজের ক্লান্ত মনকে একটু বিশ্রাম দেওয়া। অনেক কথা আমরা কাউকে বলতে পারি না। অনেক সময় নিজের মনটাও ঠিকমতো বুঝতে পারি না। তখন প্রকৃতির কাছে গিয়ে কিছুক্ষণ চুপ করে থাকাও ভালো লাগার কারণ হয়ে ওঠে। তবে ঘুরতে গেলেই কি সব মন খারাপ চলে যায়? হয়তো যায় না। কিন্তু মনটা একটু হালকা হয়। সমস্যাগুলোকে একটু দূর থেকে দেখা যায়। মনে হয়, আজ খারাপ যাচ্ছে বলে সব দিন খারাপ যাবে না। সামনে আরও অনেক দিন আছে, অনেক পথ আছে।
আর কখনো কখনো আমাদের শুধু ঘুরতে যেতে নয়, পাখি হতে ইচ্ছে করে। ভাবতে ভালো লাগে, যদি পাখি হতে পারতাম! যেখানে ভালো লাগত, সেখানেই উড়ে যেতাম। কোনো নির্দিষ্ট গন্তব্য থাকত না। কখনো নদীর কাছে, কখনো সবুজের মাঝে, আবার কখনো দূরের কোনো অচেনা জায়গায়। একটু উড়ে বেড়াতাম, একটু থামতাম, আবার মন চাইলে চলে যেতাম অন্য কোথাও। হয়তো ঘুরতে যাওয়ার ইচ্ছার মধ্যেও সেই পাখি হয়ে ওঠার ইচ্ছাটা লুকিয়ে থাকে। আমরা কিছুক্ষণের জন্য হলেও পরিচিত জীবন থেকে বের হতে চাই। একটু মুক্ত বাতাস নিতে চাই। নিজের মতো করে কিছু সময় কাটাতে চাই।তবে সবসময় দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। কাছের কোনো মাঠ, নদীর পাড়, গাছপালায় ঘেরা রাস্তা কিংবা বিকেলের খোলা আকাশও মন ভালো করে দিতে পারে। কখনো শুধু প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটালেও মনটা ভালো হয়ে যায়।
জীবনে যেমন আনন্দ আছে, তেমনি দুঃখও আছে। দুটো পাশাপাশি অবস্থান করে। সবসময় আনন্দে থাকা যেমন সম্ভব নয়, তেমনি সবসময় মন খারাপ করে থাকাও জীবনের নিয়ম নয়। তাই দুঃখ এলে তাকে মেনে নিতে হবে, আবার আনন্দ এলে সেটাকেও মন ভরে উপভোগ করতে হবে। জীবনকে জীবনের মতো উপভোগ করতে পারলেই জীবন সুন্দর। হাসি-কান্না, পাওয়া-না পাওয়া, ভালো থাকা আর মন খারাপ—সবকিছু নিয়েই আমাদের চলতে হবে। আর কখনো মন খুব ক্লান্ত হয়ে গেলে, একটু ঘুরে আসা যেতেই পারে। হ্যাঁ, হয়তো ফিরে এসে দেখব, পৃথিবীটা বদলায়নি; শুধু পৃথিবীটাকে দেখার আমাদের মনটাই একটু বদলে গেছে।
গালিবা আনতারা সোয়ারা,
শিক্ষার্থী, বাংলা বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
