প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম
নিটার ডিবেটিং সোসাইটির আয়োজনে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ‘নিটার আইভি ২০২৬’। দুই দিনব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ডিবেট ক্লাব রানার্সআপ হয়েছে।
১১ ও ১২ সেপ্টেম্বর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ‘সীমার বাইরে, অগ্রগতির পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল অংশ নেয়।
বিভিন্ন ধাপের বিতর্ক শেষে সেরা দলগুলো চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতার প্রতিটি পর্বে বিতার্কিকদের যুক্তি উপস্থাপন, বিশ্লেষণী দক্ষতা, তাৎক্ষণিক চিন্তাশক্তি ও বিষয়ভিত্তিক জ্ঞান মূল্যায়ন করা হয়।
নিটার ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক, বিচারক, অতিথি, আয়োজক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়।
আয়োজক সংগঠন নিটার ডিবেটিং সোসাইটি জানায়, বিতর্ককে শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণদের চিন্তা ও যুক্তির পরিসর বিস্তৃত করাই ছিল আয়োজনটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, মুক্তচিন্তা ও যুক্তিনির্ভর মতপ্রকাশের সুযোগ তৈরি করাও ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
সংগঠনটির মতে, জাতীয় পর্যায়ের এ আয়োজন তরুণদের নেতৃত্বগুণ, বিশ্লেষণী সক্ষমতা ও গঠনমূলক বিতর্কচর্চাকে উৎসাহিত করেছে। ‘সীমার বাইরে, অগ্রগতির পথে’ প্রতিপাদ্যের মাধ্যমে জ্ঞান, যুক্তি ও চিন্তার অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার বার্তাও তুলে ধরা হয়েছে।
