সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬

সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

১০ বছরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি

ছাইম ইবনে আব্বাস,এমসি কলেজ, সিলেট।

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি এক দশক পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে সংগঠনের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে এম সাইফুর রহমান ভবনের সামনে গিয়ে শেষ হয়। এরপর ভবনের মনোবিজ্ঞান বিভাগের ১২০২ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। অনুষ্ঠানে কলেজ প্রশাসন, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সংগঠনের সাবেক সদস্য এবং শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে এক দশকের পথচলাকে স্মরণীয় করে রাখতে সংগঠনের প্রথম ম্যাগাজিন ‘জানালা’ প্রকাশ করা হয়। অতিথিদের উপস্থিতিতে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়। একইসঙ্গে প্রচ্ছদ নির্মাণে বিশেষ অবদানের জন্য সংগঠনের সাবেক নির্বাহী সদস্য শাহ রাকিবুল হাসান রাফিকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া সদ্য সাবেক সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। পরে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং আপ্যায়নের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গত এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসের বিভিন্ন সাফল্য, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ বিষয় গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও সংগঠনটি একই ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

RU MC collage .jpg
Link copied!