মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পিএম
সোমবার ০৭, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক দশক পূর্তি উদযাপন করা হয়েছে। ‘কেমিক্যাল জুবিলি, ১০ বছর পূর্তি উদযাপন’ শীর্ষক দুই দিনব্যাপী এ আয়োজনে ছিল প্রতিযোগিতা, শোভাযাত্রা, গবেষণাভিত্তিক সেমিনার, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫ সেপ্টেম্বর সকালে রুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে বেলুন ওড়ানো ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুর রহমান, বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
২০১৫ সালে যাত্রা শুরু করে রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এক দশকের পথচলা ও অর্জন উদযাপনে বিভাগটি সোসাইটি অব প্রসেস ইঞ্জিনিয়ার্সের সঙ্গে যৌথভাবে এ আয়োজন করে। এতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
দুই দিনের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘অন্বেষণ ২.০, আন্তঃবিশ্ববিদ্যালয় তিন মিনিটের থিসিস চ্যালেঞ্জ’। ১৬ হাজার টাকা পুরস্কারমূল্যের এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাঁদের গবেষণার জটিল বিষয় মাত্র তিন মিনিটে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেন। শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করা এবং গবেষণার ফলাফল সহজবোধ্যভাবে উপস্থাপনের দক্ষতা বাড়ানোই ছিল এ আয়োজনের উদ্দেশ্য।
৬ সেপ্টেম্বর সকালে ‘কেম ই কুইজ’ ও ‘অন্বেষণ ২.০’ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা রাসায়নিক প্রকৌশল বিষয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের সুযোগ পান। বিকেলে অনুষ্ঠিত হয় শিল্পবিষয়ক সেমিনার। এতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ, পেশাগত দক্ষতা অর্জন এবং শিল্পক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের মোংলা প্ল্যান্টের প্রধান মো. আমানউল্লাহ এবং প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের এক্সিকিউটিভ এমডি সাফকাত সাবাব গাজী উপস্থিত ছিলেন।
সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশে মো. আমানউল্লাহ বলেন, পেট্রোলিয়াম ও এলপিজি খাত দেশের জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতে সম্ভাবনার পাশাপাশি নিরাপত্তা, ব্যবস্থাপনা, প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতার নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা অর্জন করতে হবে। শিল্পের বাস্তব সমস্যা সমাধান এবং গবেষণাকে বাস্তব প্রয়োগে রূপ দিতে এসব দক্ষতা গুরুত্বপূর্ণ।
পরে পুরস্কার বিতরণী, বার্ষিক সাধারণ সভা ও বনভোজনের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে রুয়েট অডিটোরিয়ামে কনসার্টে সংগীত পরিবেশন করে ব্যান্ড ‘সোনার বাংলা সার্কাস’।
আয়োজকেরা জানান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক দশকের পথচলা, অর্জন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদান স্মরণীয় করে রাখতেই এ আয়োজন। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, গবেষণায় আগ্রহ তৈরি এবং শিল্পক্ষেত্রের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ জোরদার করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল ওয়াটা কেমিক্যালস। সহ-পৃষ্ঠপোষক ছিল নাবিল গ্রুপ। এ ছাড়া ওয়াটসন গ্রুপ, এডিআই ইন্টারন্যাশনাল এবং আমেরিকান অ্যান্ড ইফোর্ড (বাংলাদেশ) লিমিটেড সহযোগী হিসেবে যুক্ত ছিল।