সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬

সোমবার ১৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

রাবিতে সিজেনের রিজিওনাল ক্লাস্টার মিটিং

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেন)-এর রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিভাগের শ্রেণিকক্ষে আয়োজিত এ কর্মশালাভিত্তিক সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

ডয়চে ভেলে (ডিডব্লিউ) একাডেমি ও সিজেন বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, তরুণ গবেষক ও শিক্ষার্থীদের গবেষণার অ্যাবস্ট্রাক্ট এবং রিসার্চ কনসেপ্ট নোট তৈরিতে দক্ষ করে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে আগামী ২৭ ও ২৮ নভেম্বর ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিতব্য ১১তম সিজেন নেটওয়ার্কিং কনফারেন্সে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হচ্ছে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সাংবাদিকতা শিক্ষা, গবেষণা এবং সমসাময়িক গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, শর্ট-ফর্ম ভিডিওভিত্তিক সংবাদ গ্রহণ এবং ভুয়া তথ্য মোকাবিলার মতো বিষয়গুলোকে বর্তমান সাংবাদিকতা শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে তুলে ধরেন।

পরে ‘অ্যাবস্ট্রাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটিং’ শীর্ষক প্রশিক্ষণ সেশনে গবেষণার সারসংক্ষেপ লেখার কাঠামো, গবেষণা প্রশ্ন নির্ধারণ এবং কার্যকর উপস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষকরা শিক্ষার্থীদের দিয়ে ২৫০ শব্দের অ্যাবস্ট্রাক্ট লেখার অনুশীলন করান এবং তা পর্যালোচনা করেন।

অনুষ্ঠানে সিজেন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. জুড ডব্লিউ. আর. জেনিলো জানান, ২০১৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘রাজশাহী ডিক্লারেশন’-এর মাধ্যমে সিজেনের যাত্রা শুরু হয়। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণার সুযোগ বাড়ানোই এই নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্য।

তিনি আরও জানান, এবারের ১১তম সিজেন নেটওয়ার্কিং কনফারেন্সের প্রতিপাদ্য ‘মিডিয়া এডুকেশন ইন ট্রানজিশন’। সাংবাদিকতা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ভুল তথ্য মোকাবিলার বিষয়গুলো সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাবে। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের ২৫০ শব্দের মধ্যে গবেষণার অ্যাবস্ট্রাক্ট জমা দিতে হবে।

দিনব্যাপী কর্মসূচিতে গবেষণাভিত্তিক নেটওয়ার্কিং, জ্ঞান বিনিময় এবং তরুণ গবেষকদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মধ্যাহ্নভোজের মাধ্যমে বিকেল ৩টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Link copied!