বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

পুনর্নিরীক্ষণে বদলেছে এসএসসির ফল,নতুন করে পাস ৪ হাজার ৫৮৫ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

নতুন ফল প্রকাশে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর নতুন করে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ পেয়েছেন আরও ৩ হাজার ৭৯ জন। সব মিলিয়ে পুনর্নিরীক্ষণের পর ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এছাড়া ৫৬ হাজার ২৫৯ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরেও পরিবর্তন হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী।
আবেদনকারীদের মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। পুনর্নিরীক্ষণের পর ২৭ হাজার ৮৩৬ শিক্ষার্থীর গ্রেডে পরিবর্তন এসেছে। এর মধ্যে ৪ হাজার ৫৮৫ জন আগের ফলাফলে অকৃতকার্য হলেও পুনর্নিরীক্ষণের পর উত্তীর্ণ হয়েছেন। নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ৭৯ জন।
এর আগে ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬৪ দশমিক ০৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়ায় ৬২ দশমিক ২৫ শতাংশ।
এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুই ক্ষেত্রেই কমেছে। গত বছরের তুলনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৯ হাজার। ফলে ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী আবেদন করেন।
গত ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন।
এ ছাড়া অনলাইনে ফল জানতে rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

Link copied!