রাশেদুজ্জামান রাশেদ,জবি প্রতিনিধি
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
জবি ক্যাফেটেরিয়া ও ছাত্রীহলের ক্যান্টিনের সমস্যা সমাধানে পাঁচ দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়া ও ছাত্রীহলের ক্যান্টিনে খাবারের মান, পরিচ্ছন্নতা ও নিরাপদ পানি সরবরাহসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। এসব সমস্যা সমাধানে পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও ছাত্রীহলের ক্যান্টিনের খাবারের সমস্যা, সংকট ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও স্বার্থ বিবেচনায় আগামী রবিবার থেকে ক্যাফেটেরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং খাবারের মান বৃদ্ধি করতে হবে।
এ ছাড়া ক্যাফেটেরিয়ায় খাবারের আইটেম বাড়িয়ে কমপক্ষে ১০ ধরনের ভর্তা-ভাজির ব্যবস্থা করার দাবি জানানো হয়। আগামী অক্টোবর থেকে ক্যাফেটেরিয়ার খাবারে মাসিক পাঁচ লাখ টাকা ভর্তুকি দেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিনামূল্যে খাবার খাওয়ার ব্যবস্থা বন্ধ করার দাবি জানানো হয়।
ছাত্রীহলের ক্যান্টিনের খাবারের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির দাবি, হলের ছাত্রীদের অস্বাস্থ্যকর খাবার পরিবেশন বন্ধ করতে হবে। একই সঙ্গে হলের পানির ট্যাংক নিয়মিত পরিষ্কার না করায় পানি-বাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে উল্লেখ করে দ্রুত পানির ট্যাংক পরিষ্কার ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের লিফট ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির দাবি, শহীদ সাজিদ ভবনের লিফট ১২ দিন ধরে বন্ধ রয়েছে। দ্রুত লিফটটি মেরামত করে সচল করার পাশাপাশি মেয়েদের হলে লিফট মাঝেমধ্যে ছিঁড়ে পড়ার মতো ঝুঁকিপূর্ণ ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
জাতীয় ছাত্রশক্তির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—আগামী রবিবার থেকে ক্যাফেটেরিয়া পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও খাবারের মান বৃদ্ধি; খাবারের আইটেম বাড়িয়ে কমপক্ষে ১০ ধরনের ভর্তা-ভাজির ব্যবস্থা; আগামী অক্টোবর থেকে ক্যাফেটেরিয়ার খাবারে মাসিক পাঁচ লাখ টাকা ভর্তুকি প্রদান ও বিভিন্ন গ্রুপের বিনামূল্যে খাবার খাওয়া বন্ধ; ছাত্রীহলে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও অপরিষ্কার পানির ট্যাংকের কারণে স্বাস্থ্যঝুঁকি বন্ধ; এবং শহীদ সাজিদ ভবনের বন্ধ লিফট দ্রুত মেরামত ও মেয়েদের হলের লিফটের নিরাপত্তা নিশ্চিত করা।
শিক্ষার্থীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায্য সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানায় জাতীয় ছাত্রশক্তি।