বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

বায়োমেট্রিক হাজিরা চালু করলো হাবিপ্রবির বিজয়-২৪ হল

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলে কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক উপস্থিতি ও নজরদারি নিশ্চিত করতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা ব্যবস্থা চালু করা হয়েছে।

আজ ( ৯ সেপ্টেম্বর ২০২৬) বুধবার হলের কার্যালয়ে এক আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক হাজিরা ব্যবস্থার শুভ সূচনা করা হয়।

ডিজিটাল এই হাজিরা ব্যবস্থার উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক। এছাড়াও অনুষ্ঠানে হলের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন বিজয়-২৪ হলের হল সুপারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধন কার্যক্রমের পর বিজয়-২৪ হলের হল সুপার প্রফেসর ডঃ মোঃ নিজাম উদ্দিন বলেন, "একজন হল সুপার হিসেবে শিক্ষার্থীদের সবোর্চ্চ সেবা দিতে আমি বদ্ধ পরিকর।হলের যাবতীয় কার্যক্রম আধুনিক ও ডিজিটালাইজড করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বায়োমেট্রিক পদ্ধতি চালুর ফলে হলের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মক্ষেত্রে সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত হবে এবং প্রশাসনিক জবাবদিহিতা ও কাজের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।"

হল প্রশাসন সূত্রে জানা গেছে, হলের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মঘণ্টার সঠিক হিসাব রাখা, ফাঁকিবাজি রোধ এবং সার্বিক নজরদারি জোরদার করার লক্ষ্যেই এই আধুনিক প্রযুক্তির সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হলের প্রবেশ ও প্রস্থান রেকর্ড করা হবে।

Link copied!