বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ইবিতে ইকোনমিক্স ক্লাবের কনসেপ্ট কম্পিটিশনের পুরস্কার বিতরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইকোনমিক্স ক্লাবের আয়োজনে 'কনসেপ্ট কম্পিটিশন-২০২৬' এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নম্বর কক্ষে এটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইকোনমিকস ক্লাবের সভাপতি সহযোগী অধ্যাপক ড. আবদুল জলিল পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সভাপতি ড. পার্থ সারথি লস্কর, বিশেষ অতিথি সংগঠনটির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীমা নাসরিন ও অর্থনীতি ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাহ।

এসময় প্রতিটি সেশন থেকে প্রথম ৩ জন করে মোট ১৮ জনকে পুরস্কার দেওয়া হয়। তাদের মধ্যে সেরা ৩ জন পারফর্মারকে অসাধারণ বিশ্লেষণধর্মী কাজের জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসন শাহ বলেন, "একটি প্রতিযোগিতার সবচেয়ে বড় অর্জন পুরস্কার পাওয়া নয় বরং এই প্রতিযোগিতা অংশ নিয়ে নিজের জ্ঞান চিন্তা ও দক্ষতাকে আরো সমৃদ্ধ করা। অর্থনীতি শুধু বইয়ের কিছু তত্ত্ব বা সমীকরণের বিষয় নয়, অর্থনীতি আমাদের চারপাশের সমাজ মানুষের জীবন সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ বোঝার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আশা করি অর্থনীতি ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিতর্ক, কুইজ, কর্মশালা সহ বিভিন্ন কার্যক্রমের সুযোগ তৈরি করে দিবে।"

সংগঠনটির সভাপতি আব্দুল জলিল পাঠান বলেন, "পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের চলমান ঋণাত্মগ অর্থনৈতিক সূচকগুলো চিহ্নিতকরণ ও তার সম্ভাব্য প্রতিকার এই কনসেপ্ট কম্পিটিশনের উপজীব্য বিষয়। যা শিক্ষার্থীদের প্রচলিত জ্ঞানের বাইরে এসে বর্তমান বাস্তবতার নিরিখে ভাবতে উদ্বুদ্ধ করবে।"

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর বলেন, "প্রতিযোগিতা শুধু পুরস্কারের জন্য নয়, এটি আমাদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ। জয়-পরাজয়ের চেয়ে অভিজ্ঞতা থেকে শেখা ও নিজেকে উন্নত করাই গুরুত্বপূর্ণ। আশা করি, এই আয়োজন নতুন চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগে সবাইকে উৎসাহিত করবে।"

এর আগে, গত ২১ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের অর্থনীতিতে সাম্প্রতিক অর্থনৈতিক মন্দার কারণ চিহ্নিতকরণ এবং তা উত্তরণের পরামর্শ’ শীর্ষক বিষয়ে কনসেপ্ট কম্পিটিশনের আয়োজনের ঘোষণা দেওয়া হয়। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রতিটি সেশনের শীর্ষ তিনজনসহ মোট ১৮ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়। 

উল্লেখ্য, ইকোনমিক্স ক্লাবটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একটি সংগঠন। যা শিক্ষার্থীদের বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে কাজ করে আসছে।

Link copied!