বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহী

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাহবুবুর রহমান

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী

এক আড়ম্বরপূর্ণ হ্যান্ডিং-টেকিং ওভার অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী। বিদায়ী উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন নবনিযুক্ত উপাচার্যের নিকট বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন এবং তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

নবনিযুক্ত উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করেন। নৌ-অস্ত্র, নৌ-ইলেকট্রনিক্স এবং মেরিন ইলেকট্রিক্যাল সিস্টেম বিষয়ে তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা ও বিশেষ পারদর্শিতা রয়েছে।

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি ২০২৫ সালের ৬ মে থেকে নৌসদর দপ্তরে সহকারী নৌপ্রধান (ম্যাটারিয়েল) হিসেবে সফলতার সাথে কাজ করে আসছিলেন। নিজ বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড (ISSB), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP), ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (NSI) এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

Link copied!