বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বর ২০২৬

বৃহস্পতিবার ১০, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

জাবির উদ্ভাবনী মেলায় প্রদর্শিত ২৬ প্রকল্প, নির্বাচিত ৬টি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় শিক্ষার্থীরা ২৬টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন, যার মধ্যে থেকে নির্বাচিত ৬টি প্রকল্প জাতীয় পর্যায়ের বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের (আরআইসি) উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিই দেশের ভবিষ্যৎ। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের ফলে তৈরি হওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ গবেষকদের আরও উৎপাদনশীল ও উদ্ভাবনী হতে হবে।”

তিনি আরও বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে তারা নিজেদের উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার এবং রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান সমন্বয়ক ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার বক্তব্য দেন।

মেলায় প্রদর্শিত ২৬টি প্রকল্পের মধ্যে থেকে বাছাইকৃত ৬টি প্রকল্প আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

Link copied!