বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬

বুধবার ০৯, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ঢাবিতে ২১ শিক্ষার্থী পেলেন ট্রাস্ট ফান্ড বৃত্তি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২১জন শিক্ষার্থী ট্রাস্ট ফান্ড বৃত্তি লাভ করেছেন। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থীকে ‘আমিনুর রহমান খান স্মারক বৃত্তি এবং ৭ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি’ প্রদান করা হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার উপাচার্যের অফিস সংলগ্ন সভাকক্ষে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব বৃত্তি প্রদান করা হয়। সকাল ১০টায় অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি এবং সকাল সাড়ে ১০টায় আমিনুর রহমান খান স্মারক বৃত্তি প্রদান করা হয়।

উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ কাজী মাহবুবুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রাফিউল ইসলাম, সঙ্গীত বিভাগের চেয়ারপার্সন ড. প্রিয়াঙ্কা গোপ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, দাতা সদস্য নৃবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শাহীন আহমেদ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ট্রাস্ট ফান্ডের মাধ্যমে শিক্ষার্থীদের যে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে, তা তাদের শিক্ষাজীবন নির্বিঘ্ন করার পাশাপাশি মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য ট্রাস্ট ফান্ডের দাতাদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য এ ধরনের বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি তাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

আমিনুর রহমান খান স্মারক বৃত্তি : এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, সংগীত, রাষ্ট্রবিজ্ঞান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, মৎস্যবিজ্ঞান, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। সংশ্লিষ্ট বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশক্রমে সাতটি বিভাগ থেকে একজন করে মোট সাতজন শিক্ষার্থীকে এককালীন ১২ হাজার টাকা করে এই বৃত্তি প্রদান করা হয়।

২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,ইতিহাস বিভাগের মোঃ হানিফ আলি ও সাদিয়া আফরিন; সংগীত বিভাগের অর্পিতা চৌধুরী ও উপমা বর্মন; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিয়া তাসনিম ও নুসরাত জাহান; প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মোছাঃ সুমি আক্তার ও রাইয়ান মাহমুদ প্রতীক; মৎস্যবিজ্ঞান বিভাগের মোঃ আতিকুর রহমান ও এইচ এম তায়ফুর রহমান; জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের মোঃ রাকিব হাসান ও মাহমুদুল হক এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিন তাহসিন আনজুম ও মোঃ রিপন হোসেন। দুই শিক্ষাবর্ষে মোট ১৪ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন।

অধ্যাপক শাহীন আহমেদ ও কাজী আনোয়ার আহমেদ ট্রাস্ট বৃত্তি : এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মোট সাতজনকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ১ম বর্ষের চারজন, ২য় বর্ষের একজন, ৩য় বর্ষের একজন এবং ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী রয়েছেন। প্রত্যেককে এককালীন ২০ হাজার টাকা করে এই বৃত্তি প্রদান করা হয়।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,১ম বর্ষের নুসরাত জাহান লামিয়া, আছিয়া জান্নাত সুপ্তি, মাসুম বিল্লাহ ও সাব্বির আহমেদ; ২য় বর্ষের মোঃ রুম্মান হোসাইন; ৩য় বর্ষের ইসমাইল আলী এবং ৪র্থ বর্ষের মোঃ নাঈমুদ্দীন।

Link copied!