প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ এএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবিপ্রবি শাখা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের নকশি কাঁথা ভবনের সাংবাদিক সমিতি কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতের মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের হাতে সবুজ গাছের চারা উপহার তুলে দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎকালে জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুসলিম ইবনে রবি ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রশিবিরের জাবিপ্রবি শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম, সম্ভাবনা ও অর্জন তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। নতুন নেতৃত্ব সততা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করবেএটাই আমাদের প্রত্যাশা। তাদের নতুন দায়িত্বের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
একই সংগঠনের সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ বলেন, “ আমরা আশা করি, সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের কথা তুলে ধরতে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কাজগুলো দেশ ও সমাজের সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সৌজন্য সাক্ষাটিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবিপ্রবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ ছাত্রশিবিরের প্রতিনিধিদের এই শুভেচ্ছা ও পরিবেশবান্ধব উপহারের জন্য ধন্যবাদ জানান।
