মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪৮ পিএম
শনিবার ২৯, আগস্ট ২০২৬ -- : -- --
আরিফুল হক চৌধুরী
মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে মৌলভীবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আরিফুল হক চৌধুরী জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন। তার প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে-
১. উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি: জেলায় চলমান ও ভবিষ্যৎ সরকারি উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ ও ত্বরান্বিত করা।
২. আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ: জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান।
৩. দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ: দুর্নীতি, মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনে সহায়তা করা।
৪. সুশাসন ও জবাবদিহিতা:সরকারি দপ্তরগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা।
৫. সমন্বয়: জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় সাধন।
মৌলভীবাজার জেলার দায়িত্ব একজন মন্ত্রীর হাতে আসায় জেলার উন্নয়নে নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজ। তারা আশা করছেন, হাওরাঞ্চলের বন্যা, চা-শ্রমিকদের জীবনমান, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে মন্ত্রী বিশেষ উদ্যোগ নেবেন।
এছাড়া প্রবাসী অধ্যুষিত জেলা হিসেবে মৌলভীবাজারের প্রবাসী কল্যাণ সংক্রান্ত সমস্যাগুলো সমাধানেও মন্ত্রীর অভিজ্ঞতা কাজে আসবে বলে মত প্রকাশ করেছেন অনেকে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার সব উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রস্তুত রাখা হয়েছে। খুব শিগগিরই মন্ত্রী জেলায় এসে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিয়মিত জেলা পরিদর্শন করবেন এবং সরকারের নীতিমালা বাস্তবায়নে মাঠ পর্যায়ের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।