শনিবার ২৯, আগস্ট ২০২৬

শনিবার ২৯, আগস্ট ২০২৬ -- : -- --

মৌলভীবাজারে জাতীয় যুবশক্তির ৩ নেতাকে অব্যাহতি

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদকে অপহরণের চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় দলটির জেলা পর্যায়ের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনার জেরে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় যুবশক্তির  ৩ নেতাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কুলাউড়া পৌর শহরের বিছরাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দেন তামিম আহমদ।

অভিযোগে জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে প্রধান অভিযুক্ত করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

অভিযোগে তামিম আহমদ উল্লেখ করেন, জেলা কমিটিতে নাম অন্তর্ভুক্তির জন্য এহসান জাকারিয়া তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া অভিযুক্তদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর এহসান জাকারিয়া ও তারেক জামিল তাকে হত্যার হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার রাতে তামিম কয়েকজনের সঙ্গে মৌলভীবাজার থেকে বড়লেখার দিকে যাচ্ছিলেন। পথে বিছরাকান্দি এলাকায় পৌঁছালে এহসান জাকারিয়াসহ অভিযুক্তরা তাদের পথরোধ করেন। এ সময় এহসান জাকারিয়া আবারও ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার নেতৃত্বে তামিমকে জোরপূর্বক অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

এ সময় তামিমকে উদ্ধারে তার সঙ্গে থাকা ব্যক্তিরা এগিয়ে এলে অভিযুক্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তামিমসহ ৭ জন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমেদ, সাহেল আহমেদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

যুবশক্তির ৩ নেতাকে অব্যাহতি:
এদিকে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাতীয় যুবশক্তি মৌলভীবাজার জেলা সদর কমিটির ৩ নেতাকে সংগঠনের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় যুবশক্তি মৌলভীবাজার জেলা আহ্বায়ক আব্দুল বারী খোবায়ের ও সদস্য সচিব হাসনাত গাণিমের নির্দেশনায় অব্যাহতি পাওয়া নেতারা হলেন- জাতীয় যুবশক্তি ও সদর উপজেলার যুগ্ম সদস্য সচিব সোহাগ আহমদ, সংগঠক ভুবন আহমদ ও সংগঠক রুহুল আমিন।

জেলা জাতীয় যুব শক্তির দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম রুমেল জানান, সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি অবগত হয়েছি। দলীয়ভাবে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!