ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম
রবিবার ৩০, আগস্ট ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় বাস শিডিউল নির্ধারণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদেরকে বহনকারী গাড়িসমূহ কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা রুটে নিজ নিজ যাত্রা শুরুর স্থান হতে সকাল ৮টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। সহায়ক কর্মচারীদেরকে (এমএলএসএস) বহনকারী গাড়িগুলো স্ব-স্ব রুটের স্থান হতে ৭টা ৪৫ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসবে। অফিস শেষে সকল গাড়ি বিকাল ৪টা ০৫ মিনিটে ক্যাম্পাস হতে স্ব-স্ব রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এবিষয়ে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, "পূর্বে রাস্তা তেমন ভালো ছিল না, ভাঙ্গা থাকার কারণে বাস ক্যাম্পাসে পৌঁছাতে ১০-১৫ সময় বেশি লাগতো। তখন তাৎক্ষণিকভাবে উপাচার্য মহোদয় ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। রাস্তাঘাট এখন অনেকটা ভালো, গাড়ি আসতে বর্তমান ৩০ থেকে ৩৫ মিনিট লাগে তাই নতুন করে শিডিউল নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ করে যারা কর্মচারী রয়েছে যেহেতু তাদের অফিস খোলার দায়িত্ব থাকে, এজন্য তাদের ক্ষেত্রে আগের সময় বহাল রাখা এবং গাড়িগুলো আলাদা করা হয়েছে।"
প্রসঙ্গত, পূর্বের শিডিউলে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকূপা হতে নির্ধারিত রুটের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের বহনকারী গাড়িসমূহ স্ব-স্ব রুটের জিরো পয়েন্ট হতে সকাল ৭টা ৪৫ মিনিটে ক্যাম্পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করতো। অফিস শেষে ক্যাম্পাস থেকে ৪ টা ১৫ মিনিটে কুষ্টিয়া, ঝিনাইদহ এবং শৈলকূপার উদ্দেশ্যে ছেড়ে যেতো।