রবিবার ৩০, আগস্ট ২০২৬

রবিবার ৩০, আগস্ট ২০২৬ -- : -- --

কুবি ইএলডিসির উদ্যোগে জিএম ইন্ডাকশন ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত 

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ১১:২৫ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ‘এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব’ (ইএলডিসি)-এর উদ্যোগে জেনারেল মেম্বার (জিএম) ইন্ডাকশন ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সেমিনারের ক্যারিয়ার গাইডলাইন পর্বে উচ্চশিক্ষা, গবেষণা, যোগাযোগ দক্ষতা, ইংরেজি ভাষায় দক্ষতা, নেতৃত্ব বিকাশ, সিভি প্রস্তুতকরণ, চাকরির সাক্ষাৎকারের কৌশল এবং বর্তমান চাকরির বাজারের চাহিদা নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং ও ব্যক্তিগত বিকাশের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের শক্ত ভিত্তি তৈরি করতে পারেন।একই সঙ্গে প্রতিযোগিতামূলক কর্মবাজারের জন্য নিজেদের দক্ষ, যোগ্য ও নেতৃত্বগুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।।

ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, ‘জিএম ইন্ডাকশন ৫.০ মূলত নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও সমৃদ্ধ, দক্ষ ও অর্থবহ করে তোলার একটি উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে শুধু একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের বিভিন্ন দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। এসব বিষয়কে সামনে রেখেই আমাদের এ আয়োজন।’

অনুষ্ঠানে ইএলডিসির সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘জেনারেল মেম্বার ইন্ডাকশন ৫.০-এর মাধ্যমে আমরা শুধু নতুন সদস্যদের স্বাগত জানাচ্ছি না; বরং তাদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্ব বিকাশের দীর্ঘমেয়াদি যাত্রার সূচনা করছি। ইএলডিসি বিশ্বাস করে, শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, দলগত কাজ, যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং ও নেতৃত্বের গুণাবলি একজন শিক্ষার্থীর ক্যারিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা শুধু শিখবেই না, বরং বাস্তব কাজের মাধ্যমে দায়িত্ব গ্রহণ, নেতৃত্ব প্রদান এবং নিজেদের সম্ভাবনাকে দক্ষতায় রূপান্তরের সুযোগ পাবে। আমরা চাই, ইএলডিসির প্রতিটি সদস্য ভবিষ্যতে একজন দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করুক।’

Link copied!