শনিবার ২৯, আগস্ট ২০২৬

শনিবার ২৯, আগস্ট ২০২৬ -- : -- --

শাবিপ্রবিতে দিক থিয়েটারের জাতীয় নাট্য উৎসব

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিক থিয়েটারের আয়োজনে শুরু হয়েছে 'অষ্টাবিংশের অর্ঘ্য' শীর্ষক তিন দিন ব্যাপী “দিক ৮ম জাতীয় নাট্যোৎসব - ২০২৬”।  উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয়েছে দিক থিয়েটারের নতুন মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দিক থিয়েটারের ৩৪তম প্রযোজনা ও তৃতীয় মৌলিক নাটক অদ্যপুরাণ এর রচনা ও নির্মাণ করেছেন দ্বৈপায়ন দাশ অনন্য।

সংগঠনটির ২৮ তম বর্ষে পদার্পণ উপলক্ষে 'নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ স্লোগানকে সামনে রেখে তিন দিন ব্যাপী এই জাতীয় নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।

এবারের উৎসবের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে, ‘তমসার ছায়া যাক চির অবসানে, মুখর হোক মানবাত্মা প্রতীতির গানে।’

তিন দিনব্যাপী এই নাট্যোৎসবে স্বাগতিক দল হিসেবে দিক থিয়েটার ছাড়াও দেশের দুটি স্বনামধন্য নাট্যদল 'স্পর্ধা’ এবং ‘মনিপুরি থিয়েটার’ অংশগ্রহণ করবে।  উৎসবের দ্বিতীয় দিনে শুক্রবার (২৮ আগস্ট) মঞ্চস্থ হবে স্পর্ধা থিয়েটারের ‘তবুও জেগে উঠি’ এবং শেষ দিনে শনিবার (২৯ আগস্ট) মঞ্চস্থ হবে মণিপুরি থিয়েটারের নাট্য প্রযোজনা 'ধ্বজো মেস্তরীর মরণ'। তিন দিনের আয়োজনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজক সূত্রে জানা যায়, দিক থিয়েটারের এবারের আয়োজনটি শুধু নাট্যচর্চাকে কেন্দ্র করে নয়, মানবিক সহায়তার উদ্দেশ্যও এতে যুক্ত রয়েছে। লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসা সহায়তা তহবিলের জন্য অনুদান সংগ্রহের উদ্দেশ্যে আয়োজনটি করা হয়েছে।  উৎসবের নাট্য প্রদর্শনীর টিকেট বিক্রয় থেকে প্রাপ্ত সম্পূর্ণ অর্থ তার চিকিৎসা সেবায় দেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত দিক থিয়েটার দীর্ঘদিন ধরে শাবিপ্রবিতে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এবারের উৎসবের মধ্য দিয়ে সংগঠনটি ২৮তম বর্ষে পদার্পণ করছে।

Link copied!