বুধবার ২১, অক্টোবর ২০২৬

বুধবার ২১, অক্টোবর ২০২৬ -- : -- --

বিনামূল্যে এআই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়-ব্রেইন সিস্টেম চুক্তি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ এএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষ করে তুলতে ব্রেইন সিস্টেম লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সমঝোতার আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। পাশাপাশি উন্নত প্রশিক্ষণ, শিক্ষাক্রম উন্নয়ন, যৌথ গবেষণা, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও কাজ করবে দুই প্রতিষ্ঠান।

গত ১৭ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন এবং ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এআই বিষয়ে প্রাথমিক ধারণা, সচেতনতা ও ব্যবহারিক দক্ষতা বাড়াতে একটি মৌলিক প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এ কোর্সের জন্য কোনো প্রশিক্ষণ ফি নেওয়া হবে না। তবে দুই প্রতিষ্ঠানের সম্মতির ভিত্তিতে নামমাত্র নিবন্ধন ফি নির্ধারণ করা হতে পারে।

এ ছাড়া আগ্রহী শিক্ষার্থীদের জন্য উন্নত এআই কোর্স ও বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে। এসব প্রশিক্ষণের ফি ও অন্যান্য শর্ত দুই প্রতিষ্ঠানের পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।

শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বাড়াতে শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাক্রম পর্যালোচনা ও হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শ্রমবাজারের প্রবণতা ও দক্ষতার চাহিদা নিয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করবে দুই প্রতিষ্ঠান।

শিক্ষার্থীরা যাতে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সে জন্য ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতেও উদ্যোগ নেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতার স্বীকৃতি হিসেবে শিক্ষার্থীদের সনদ দেওয়ার ব্যবস্থাও থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনো এআই প্রতিষ্ঠানের এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষরকে একটি নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে উচ্চশিক্ষার সঙ্গে শিল্পখাতের চাহিদার সংযোগ বাড়বে এবং পরিবর্তিত শ্রমবাজারের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পথ সুগম হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া এবং আন্তর্জাতিক ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম। ব্রেইন সিস্টেম লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন ও পরিচালক এস কে তারেক।

Link copied!