বুধবার ২১, অক্টোবর ২০২৬

বুধবার ২১, অক্টোবর ২০২৬ -- : -- --

ইবির সমাবর্তনে নিবন্ধন ৫ নভেম্বর থেকে, ফি নির্ধারণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি। এ আয়োজনে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধন ফি ৫ হাজার টাকা এবং সনদ ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা। গত রোববার সমাবর্তনের নিবন্ধন উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ফারুকুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান জানান, সমাবর্তন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ২২টি উপকমিটি গঠন করা হয়েছে। কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও বিভিন্ন কমিটির মধ্যে সমন্বয়ের জন্য একটি কেন্দ্রীয় সেল গঠনের পরিকল্পনাও রয়েছে। নিবন্ধনের তারিখ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট উপকমিটির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।

নিবন্ধন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ফারুকুজ্জামান খান জানান, ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ২০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। অংশগ্রহণের জন্য ৫ হাজার টাকা এবং সনদের জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অতিথিদের ফি পরে নির্ধারণ করা হবে।

এর আগে উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান গণমাধ্যমকে জানান, সমাবর্তন আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য কিছুটা চ্যালেঞ্জিং হলেও দায়িত্ব বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন উপকমিটির মধ্যে বণ্টন করা হয়েছে। আয়োজনের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

Link copied!