বুধবার ২১, অক্টোবর ২০২৬

বুধবার ২১, অক্টোবর ২০২৬ -- : -- --

ইউনিয়ন নির্বাচনে দলের সঙ্গে বেইমানি করলে ছাড় নয়: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

আইনমন্ত্রী | ছবি: সংগৃহীত

সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বাধা সৃষ্টি করলে দল থেকে ছিটকে পড়বেন বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটা ফর্মুলা দেবেন কিভাবে কাজ করতে হবে। দলের মধ্য থেকে যারা মুনাফেকি করবেন তারেক রহমান তাদের ক্ষমা করবেন না।

তিনি বলেন, প্রত্যেকটা ইউনিয়নের একটা রিপোর্ট প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। ফলে দল চাচ্ছে উইনিং ক্যান্ডিডেট। আমার দল যদি না জেতে তাহলে আমার মতো বড় নেতা দিয়ে কি হবে বলেন। আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছুই যেত-আসত না।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার সক্ষমতা রয়েছে—এমন প্রার্থী মনোনয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এমন প্রার্থী দিতে হবে, যারা বিজয়ী হয়ে আসবেন। আপনার পছন্দের প্রার্থী দিলেন, কিন্তু তিনি যদি না জেতেন, তাহলে হবে না। দল আমার কাছে সবচেয়ে বড় আমানত। কিন্তু আমি যদি দেখি, আপনি দলের সঙ্গে বেইমানি করছেন, দলের ঊর্ধ্বে উঠে বিকল্প কিছু করছেন, তাহলে আপনাকে ধরার অধিকার আমারও আছে।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!