বুধবার ২১, অক্টোবর ২০২৬

বুধবার ২১, অক্টোবর ২০২৬ -- : -- --

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১২০৪, আক্রান্তের উপসর্গ ২ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ১২০৪, আক্রান্তের উপসর্গ ২ লাখ ছাড়াল

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় এ ধরনের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০০। একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হামে আক্রান্ত হওয়ার উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ—দুই হিসাব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৪।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

এক দিনে উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২১৭ জনের

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৯৯ জন ঢাকা বিভাগের।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৬৮। তবে নিয়মিত প্রতিবেদনে রোগীদের বয়সভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সের মানুষের হতে পারে, যদিও শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়। প্রাদুর্ভাবের সময়ে হামের উপসর্গ নিয়ে হওয়া সব মৃত্যুকে নিশ্চিত হামে মৃত্যু হিসেবে গণ্য করা যায় না।

পরীক্ষায় নিশ্চিত হাম ২৩ হাজারের বেশি

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪২ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। তাঁদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪ জন এবং চট্টগ্রাম বিভাগের আটজন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে পরীক্ষাগারে মোট ২৩ হাজার ১৯৯ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

হাসপাতালে ভর্তি প্রায় ১ লাখ ৯২ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১২৬ জন।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু ও পরীক্ষাগারে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা আলাদাভাবে হিসাব করা হচ্ছে। দুই হিসাব একত্র করলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ২০৪।

Link copied!