মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬

মঙ্গলবার ২৫, আগস্ট ২০২৬ -- : -- --

রাবির সাংস্কৃতিক আন্দোলনের গল্প নিয়ে সিনেমা 'চিরকুট', মুক্তি অক্টোবরে

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস ও নব্বইয়ের দশকের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত সিনেমা ‘চিরকুট’ মুক্তি পেতে যাচ্ছে আগামী অক্টোবর মাসে। সিনেমাটির নির্মাণে বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী যুক্ত ছিলেন বলে জানিয়েছেন পরিচালক মুনতাসির আকিব।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) শহিদুল্লাহ ভবনের সামনে সিনেমাটির প্রদর্শন উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে রাবির নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার, অভিনেতা মিঠু ও সিনেমাটির পরিচালক মুনতাসির আকিবসহ আরও অনেকে বক্তব্য দেন।

অভিনেতা মিঠু বলেন, আশির দশকে শুরু হয়ে নব্বইয়ের দশকে সাংস্কৃতিক আন্দোলন পূর্ণতা পায়। নব্বইয়ের দশক ছিল সাংস্কৃতিক আন্দোলনের ‘সোনালি যুগ’। সেই সময়ের ঘটনাপ্রবাহকে কেন্দ্র করেই সিনেমাটি নির্মিত হয়েছে।

মিঠু বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আন্দোলনের ইতিহাস সিনেমাটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে।বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক জোটের কেন্দ্র প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়েই হয়েছিল। সমকাল নৃত্যচক্রকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের নিয়ে সিনেমাটির কাজ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই সিনেমাটি তৈরি করেছে। নির্মাণের সময় নিজের অভিনয় দেখার সুযোগ হয়নি। পরে ডাবিং দিতে গিয়ে সিনেমাটির মান দেখেছি। প্রথমে ভেবেছিলাম, হয়তো খুব একটা ভালো হবে না। কিন্তু শেষ পর্যন্ত চমৎকার একটি কাজ হয়েছে।’

অধ্যাপক আরিফ হায়দার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছোট ছোট অনেক গল্প রয়েছে। এসব গল্প নিয়ে নির্মাতাকে আরও কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘তিন বছর ধরে অনেক কষ্ট করে এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। আমরা ছবিটি দেখার জন্য কিছুটা সময় দেব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন ও শিক্ষার্থীদের নিয়ে আরও গল্প সামনে আসতে পারে। আপনি মাথা উঁচু করে এগিয়ে যাবেন।’

মুক্তির বিষয়ে সিনেমাটির পরিচালক মুনতাসির আকিব বলেন, আগামী ১৬ অক্টোবর, অর্থাৎ দুর্গাপূজার ষষ্ঠীতে বাংলাদেশসহ বিশ্বের সাতটি দেশে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। দেশগুলো হলো,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।

সিনেমা নির্মাণের প্রতিবন্ধকতা সম্পর্কে তিনি বলেন, ২০২৪ থেকে ২০২৬ তিন বছর সময় লেগেছে সিনেমাটি নির্মাণে। কারিগরি সমস্যার কারণে প্রথম ধাপে এর কাজ শেষ করা সম্ভব হয়নি।

মুনতাসির আকিব জানান, সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থী সিনেমাটির বিভিন্ন কাজে যুক্ত ছিলেন।

সিনেমাটির নির্মাণে প্রায় এক কোটি টাকা ব্যয় হয়েছে বলেও জানান পরিচালক।

রাজশাহীতে চলচ্চিত্রশিল্পের সম্ভাবনা নিয়ে মুনতাসির আকিব বলেন, ‘রাজশাহী একটা আলাদা ইন্ডাস্ট্রি হতে পারে। রাজশাহীর মানুষজন খুবই সহযোগিতাপরায়ণ। এখানে কাজ করতে গিয়ে অসম্ভব সাপোর্ট পেয়েছি।’

তিনি আরও বলেন, বাংলাদেশে চলচ্চিত্রশিল্পের কেন্দ্র হিসেবে ঢাকার পাশাপাশি রাজশাহীকেও গড়ে তোলার সম্ভাবনা রয়েছে।

Link copied!