জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৮:৫০ পিএম
সোমবার ০৩, আগস্ট ২০২৬ -- : -- --
নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন কেন্দ্রীয় খেলার মাঠ উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে সক্ষম খেলোয়াড় গড়ে তোলাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
রোববার (২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কেন্দ্রীয় খেলার মাঠের উদ্বোধন এবং জুলাই আগস্ট শহীদ স্মরণে আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলোয়াড় তৈরি করা নয়। আমরা জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় তৈরি করতে চাই। যারা খেলাধুলা করবে, তাদের সার্বিক সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তর।’
তিনি বলেন, ‘কথায় আছে সুস্থ দেহে সুস্থ মন। দেহ ও মনের সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে শিক্ষার্থীরা অনেক অনৈতিক ও খারাপ কাজ থেকে নিজেদের দূরে রাখতে পারে। বিশ্বের অনেক দেশই খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।’
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে উপাচার্য বলেন, ‘আমাদের বর্তমান ৫৭ একরের ক্যাম্পাসকে আরও ৭৫ একর সম্প্রসারণের প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে সেখানে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে। পাশাপাশি একাধিক খেলার মাঠ ও একটি সুইমিংপুলও থাকবে।’
খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও দলগত চেতনা গড়ে তোলে উল্লেখ করে তিনি বলেন, ‘খেলা একটি টিমওয়ার্ক। একজন খেলোয়াড় কখনো একা গোল করতে পারে না। তাকে সতীর্থদের সহযোগিতা নিয়েই সফল হতে হয়।’
উল্লেখ্য, জুলাই আগস্ট শহীদ স্মরণে আন্তঃঅনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা ২০২৬-এ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ছয়টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ব্যবসায় প্রশাসন অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদ ও চারুকলা অনুষদের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী বুধবার (৫ আগস্ট) একই মাঠে প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান এবং প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মামুন সরকার উপস্থিত ছিলেন।
ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী বিভিন্ন স্থানে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন উপাচার্য।