প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৬:৫৪ এএম
মো. মাহমুদ রেজা সৌরভ,লিডিং ইউনিভার্সিটি,সিলেট
গবেষণাভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লুর্স ৩য় স্টুডেন্ট রিসার্চ কনফারেন্স। শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
"Turning Ideas into Sustainable Solutions for a Better Tomorrow" প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী, গবেষক, শিক্ষক, শিক্ষাবিদ ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন। গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবনী ধারণাকে বাস্তবসম্মত এবং টেকসই সমাধানে রূপান্তরের লক্ষ্যে সম্মেলনটি জ্ঞান বিনিময় ও গবেষণা চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
প্রধান অতিথির বক্তব্যে ড. সৈয়দ রাগীব আলী বলেন, গবেষণাই জাতীয় উন্নয়ন ও বৈশ্বিক অগ্রগতির অন্যতম ভিত্তি। তিনি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত করতে কার্যকর প্ল্যাটফর্ম তৈরির জন্য লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, প্রাতিষ্ঠানিক উৎকর্ষ অর্জন ও টেকসই উন্নয়নের জন্য গবেষণার বিকল্প নেই। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তরুণ গবেষকদের সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
সম্মেলনের পোস্টার প্রেজেন্টেশন বিভাগে প্রথম স্থান অর্জন করেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী শাফোয়ান ইসলাম জীম এবং দ্বিতীয় স্থান অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ভূঁইয়া ইমন।
পেপার প্রেজেন্টেশন বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হন এস. কে. মাশরুবা আল তাবাসসুম (লিটারেচার), মো. মাহিদ কবির (বিজনেস), মো. ওমর ফারুক (লাইফ সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার), মানতাকা নিহাদ অরনা (সোশ্যাল সায়েন্স), মো. মোহায়মিনুজ্জামান (পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্ন্যান্স) এবং এ. এম. এম. জাহিদ হাসান (মেশিন লার্নিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ অ্যান্ড প্ল্যানিং-এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান এবং লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উপদেষ্টা ড. শাফকাত কিবরিয়া। সম্মেলনের কীনোট স্পিকার ছিলেন মো. সায়দুর রহমান কোহিনুর।
এ সময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুছ সামাদ সুমু, সভাপতি নিবিড় রয়, সাধারণ সম্পাদক খন্দকার সাঈদ আহমেদ, কোষাধ্যক্ষ জয়তি প্রকাশ অনিন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, গবেষণামুখী শিক্ষা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
সম্মেলনের পৃষ্ঠপোষক ছিল Future Edge Education & Consultancy, Times IT, LSA Education, Mehman Restaurant, Crystal Canvas, Sylhet Computer, Bangladesh Specialty Coffee Academy (Sylhet Branch), Scent Mark এবং Skino।
