সোমবার ০৩, আগস্ট ২০২৬

সোমবার ০৩, আগস্ট ২০২৬ -- : -- --

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়েট ডিবেটিং ক্লাব

মোঃ শোয়েব বিন জামান। রুয়েট প্রতিনিধি

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ১২:৩৫ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা–২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ডিবেটিং ক্লাব। রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়।

আয়োজকেরা জানান, জুলাইয়ের ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরার লক্ষ্য নিয়ে গত ১০ থেকে ২৪ জুলাই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশব্যাপী আঞ্চলিক পর্ব পেরিয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং স্নাতক পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের বিতর্ক ক্লাব। জেলা ও শহরভিত্তিক স্বতন্ত্র বিতর্ক ক্লাবগুলোরও অংশগ্রহণের সুযোগ ছিল।

বাংলা এশিয়ান পার্লামেন্টারি (এপি) পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিটি দলে তিনজন করে বিতার্কিক অংশ নেন। প্রথম ধাপে দেশের ১৬টি অঞ্চলে নকআউট পদ্ধতিতে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিটি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে জাতীয় পর্বে মোট ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। চারটি ট্যাব রাউন্ড শেষে সেরা আটটি দল কোয়ার্টার ফাইনালে ওঠে।

রুয়েট ডিবেটিং ক্লাব ‘রুয়েটডিসি ভ্যান গগ’ (RUETdc Van Gogh) নামে প্রতিযোগিতায় অংশ নেয়। দলের সদস্য ছিলেন পুরকৌশল বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবিদ মাহমুদ, একই বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাওতুল উমাম এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিহসান বিন মাকসুদ। ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে জয়লাভ করে দলটি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

আয়োজকদের মতে, এ ধরনের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা তরুণদের যুক্তিনির্ভর চিন্তাচর্চা, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব এবং দলগত সমন্বয় গড়ে তুলতে সহায়ক। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে বুদ্ধিবৃত্তিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও তৈরি করে।

Link copied!