সোমবার ০৩, আগস্ট ২০২৬

সোমবার ০৩, আগস্ট ২০২৬ -- : -- --

‘জুলাই গণ-অভ্যুত্থান কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়’: রিজভী

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। তাঁর ভাষ্য, এটি ছিল নাগরিক অধিকার, গণতন্ত্র ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার লড়াই।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রদল আয়োজিত ‘রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই একটি তাৎপর্যপূর্ণ গণঅভ্যুত্থান বা বিপ্লব। ফরাসি বিপ্লবও ছিল নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। প্রতিটি বিপ্লব ও গণঅভ্যুত্থানেই রক্ত ঝরে। তবে জুলাইয়ের এক মাসে যত রক্ত ঝরেছে, ফরাসি বিপ্লব বা বিশ্বের অন্য কোনো বিপ্লবে এক মাসে এত রক্ত ঝরেছে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।’

তিনি বলেন, ‘গ্রামের পর গ্রাম, শহরের পর শহর—রাজধানী ঢাকাসহ সারা দেশে তরুণদের লাশ পড়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দমন-পীড়নের শিকার হয়েছেন। গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও বাকস্বাধীনতা ফিরিয়ে আনতে তরুণেরা জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ মহিমান্বিত।’

রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার ক্ষমতা ধরে রাখতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তিনি বলেন, গুলি ও সহিংসতার মুখেও আন্দোলনকারীরা পিছু হটেননি। ‘র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালানো হলেও মিছিল থামেনি। সামনে, পেছনে, ডানে-বামে গুলি চলেছে। তবু মানুষ এগিয়ে গেছে,’ বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমন ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যাঁদের বিগত বছরগুলোতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দৃশ্যমান ভূমিকা ছিল না। তাঁর দাবি, পরে তাঁরা নিজেদের একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, বর্তমানে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলে কেউ কেউ সেটিকে দলীয় বিবেচনার নিয়োগ বলে প্রচার করছেন। এর মাধ্যমে প্রকাশ্য রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আন্দোলন। তবে আন্দোলনে অংশ নেওয়া অনেকেই এখনো কর্মসংস্থান থেকে বঞ্চিত। তাঁদের পুনর্বাসন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।

রাহী আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায় ছাত্রদল।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের নেতারা। এ সময় সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Link copied!