সোমবার ০৩, আগস্ট ২০২৬

সোমবার ০৩, আগস্ট ২০২৬ -- : -- --

গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কৃতিত্ব: উপাচার্য

জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের গবেষণা প্রকল্পের সেমিনারে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গবেষণার মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকৃত কৃতিত্ব নির্ধারিত হয় বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 

রোববার (২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কলা অনুষদের ২০২৫ থেকে ২৬ অর্থবছরের গবেষণা প্রকল্পের সেমিনারে তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধু শিক্ষা দেন না, শিক্ষাদানের পাশাপাশি গবেষণাও করেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন তত্ত্ব ও সূত্র আবিষ্কার করে তা শিক্ষার্থীদের শেখানো হয়। গবেষণার মাধ্যমে নতুন আবিষ্কারই হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কৃতিত্ব।’

গবেষণার গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, ‘আপনারা গবেষণাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখবেন। গবেষণার ক্ষেত্রে অন্য কারও লেখার অংশবিশেষ ব্যবহার করলে অবশ্যই তাঁর স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ রেফারেন্স হিসেবে তাঁর নাম উল্লেখ করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দায়িত্বের ধরন ব্যাখ্যা করে তিনি বলেন, ‘শিক্ষক পুরোনো দিনের ক্যাসেটের মতো। একই বিষয় বিভিন্ন শিক্ষার্থীকে শেখাতে হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টি আলাদা। অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরা শুধু শিক্ষা দেন, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার সঙ্গে সঙ্গে গবেষণাও করেন।’

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন) এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব উল মাওলা (মাওলা প্রিন্স)।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রফেসর ড. এস এম ফারুক হোসাইন ও ইতিহাস বিভাগের প্রফেসর ড. মো. শেরেজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রফেসর ড. রশীদ হারুন ও দর্শন বিভাগের প্রফেসর জাকির হোসেন, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রফেসর ড. রশিদুন্ নবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর আহম্মেদ বশির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তুহিনুর রহমান। এতে কলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ২০২৫ থেকে ২৬ অর্থবছরের মোট ২১টি গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।

Link copied!