প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:৩৫ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের খেলতে এরই মধ্যে সেখানে পাড়ি জমিয়েছেন ১৭ সদস্যের একটি বহর। শুক্রবার (৩১ জুলাই) ঢাকা ছেড়ে যাওয়া সেই বহরে ছিলেন না উইকেটকিপার ব্যাটার লিটন দাস। চোটে পড়া ক্ল্যাসিক এই ব্যাটারকে ছাড়াই প্রথম টেস্টের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও তার থাকা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা-সমালোচনাও ছিল।
এবার হুট করেই তাকে স্কোয়াডে ভিড়িয়ে রীতিমত চমকে দেয় বিসিবি। শনিবার (১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, লিটনকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার (২ আগস্ট) অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
হঠাৎ করেই লিটনকে স্কোয়াডে টানলেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। এতে লিটনের অন্তর্ভুক্তি নিয়ে কিছুটা দ্বিধায় পড়েছিলেন ক্রীড়াপ্রেমীরা। এবার বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তার দাবি, হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। সার্বিক দিক বিবেচনায় নিয়েই তাকে অস্ট্রেলিয়া পাঠানোর উদ্যোগ নিয়েছে মেডিকেল বিভাগ, নির্বাচক ও বোর্ড।
নাফীসের ভাষ্যমতে, '২৬ জুলাই পর্যন্ত লিটনের ফিজিক্যাল কন্ডিশন সন্তোষজনক ছিল না। কিন্তু গত ৭ দিনে ওর (লিটন) রিকভারি খুব ভালো হয়েছে। মেডিকেল বিভাগ, নির্বাচক ও বোর্ড মনে করেছে সামনে আরও দ্রুত উন্নতি সম্ভব।'
নাফীসযোগ করেন, 'অস্ট্রেলিয়ায় গিয়ে ওর (লিটন) বাকি রিহ্যাব হবে। এরপর ফিটনেস টেস্ট হবে। যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে প্রথম টেস্টের জন্য বিবেচনায় থাকবে। না হলে দ্বিতীয় টেস্টে খেলার সম্ভাবনা থাকবে।'
লিটনের ইনজুরি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই জানিয়ে নাফীস বলেন, 'ইনজুরিটা অদ্ভুত কিছু ছিল না। আমরা সব সময় জানতাম সমস্যা কোথায়। শুধু রিকভারি প্রত্যাশিত সময়ের মধ্যে হয়নি। কিন্তু গত ৭ দিনের অগ্রগতি আমাদের আত্মবিশ্বাস দিয়েছে যে এখন সে সফর করার মতো অবস্থায় আছে।'
