প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগে ফল সেমিস্টার-২০২৬-এর নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়ম-কানুন ও বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রকৌশলী অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক এবং রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী।
প্রধান অতিথির বক্তব্যে ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। সাফল্য অর্জনে অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং নৈতিক মূল্যবোধের চর্চা অপরিহার্য। তিনি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং তাদের একাডেমিক জীবনে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক ড. তাসনিমা জান্নাত। তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শৃঙ্খলা, নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষ বজায় রাখার আহ্বান জানান।
পরে একাডেমিক কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার সাজিদ হাসান শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিধিমালা, পরীক্ষা পদ্ধতি, কোর্স কাঠামো এবং বিভিন্ন সহায়ক সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনা ও ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। এতে নবীন শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়ার পাশাপাশি নিজেদের প্রত্যাশার কথাও তুলে ধরেন।
সবশেষে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সায়মা আকতার শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
