রবিবার ১২, জুলাই ২০২৬

রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --

ধলাইয়ের স্রোতে তলিয়ে গেলেন কৃষক

মৌলভীবাজার থেকে রাজন হোসেন তৌফিক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার সময় তীব্র স্রোতে তলিয়ে মাসুক মিয়া (৪৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের হীরামতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মাসুক মিয়া হীরামতি এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার দুপুর ১টার দিকে মাসুক মিয়া ও বলাই দাশ নামে দুই কৃষক ধলাই নদীর অপর পারে হকতিয়ার খোলা এলাকায় গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে দুপুর সাড়ে ২টার দিকে তারা বস্তাভর্তি ঘাস মাথায় নিয়ে সাঁতরে নদী পার হয়ে বাড়ি ফেরার চেষ্টা করেন।

এ সময় বলাই দাশ নিরাপদে নদীর এপারে উঠতে সক্ষম হলেও মাসুক মিয়া নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে নদীর তীরে থাকা লোকজন চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় নদীতে পানির উচ্চতা ও স্রোতের তীব্রতা স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। মাথায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্রোতের সঙ্গে লড়াই করতে না পেরে মাসুক মিয়া পানিতে তলিয়ে যান।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কৃষকের কোনো সন্ধান মেলেনি।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ফারুকুল ইসলাম জানান, উদ্ধারকাজে সহায়তার জন্য সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্ধারকাজ শুরু করা হবে।

Link copied!