রবিবার ১২, জুলাই ২০২৬

রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --

দক্ষতা উন্নয়নে ‘ইউনিস্যাব রাইজ সিজন’

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৮:০৬ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বাস্তব সমস্যা সমাধানে সক্ষম করে তুলতে ‘ইউনিস্যাব রাইজ সিজন-১’ শীর্ষক মাস্টারক্লাস ও কেস প্রতিযোগিতার আয়োজন করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশন।

আয়োজকরা জানান, সংগঠনের সহযোগী সদস্য ও স্বেচ্ছাসেবীদের জন্য বিশেষভাবে পরিকল্পিত এ আয়োজনটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। শুরুতে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দল গঠন করা হয়। এরপর প্রতিটি দলকে একটি সামাজিক সমস্যা নিয়ে ভিডিও উপস্থাপনা তৈরি করে জমা দিতে হয়। সেখান থেকে নির্বাচিত দলগুলো মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়।

মূল আয়োজনের আগে ৯ জুলাই রাতে অংশগ্রহণকারীদের জন্য একটি অনলাইন প্রস্তুতিমূলক সেশন অনুষ্ঠিত হয়। এতে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইউনিলিভারের ট্যালেন্ট পার্টনার আশরাফুল শাবাব। তিনি কেস বিশ্লেষণ, সমস্যা সমাধানের কৌশল এবং কার্যকর উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

১০ জুলাই অনুষ্ঠিত মূল পর্বে মাস্টারক্লাস পরিচালনা করেন গ্রামীণফোনের ক্লাস্টার ম্যানেজার তাকিয়া মোশাররেফ। তিনি করপোরেট পরিবেশে সমস্যা বিশ্লেষণ, দলগত কাজ, উপস্থাপনা দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা বিষয়ে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা দেন।

মাস্টারক্লাস শেষে অংশগ্রহণকারী দলগুলোর সামনে একটি নতুন সামাজিক সমস্যা উপস্থাপন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি দল সমস্যার সমাধান তৈরি করে পোস্টারের মাধ্যমে বিচারকদের সামনে উপস্থাপন করে। পরে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা দলগুলোকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ.এইচ.এম. খুরশিদ আলম, তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল মোমেন, অধ্যাপক ড. মো. জহুরুল আনিস এবং দিব্যেন্দু বিশ্বাস। এছাড়া ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের অ্যালামনাই সদস্যরাও উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন।

২০১৪ সালে যাত্রা শুরু করা ইউনিস্যাব রাজশাহী ডিভিশন সামাজিক কল্যাণ ও দক্ষতা উন্নয়ন—এই দুই ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির সামাজিক কার্যক্রমের মধ্যে রয়েছে প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার, ঈদ ফর স্ট্রিট চিলড্রেন, প্রজেক্ট হ্যাপি বার্থডে, ড্রিম অরেঞ্জ এবং উইক ফর হিউম্যানিটি। অন্যদিকে দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় রয়েছে ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট, ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট, আরইউ ট্যালেন্ট হান্ট, নেক্সট লিপ, ইউনিস্যাব এক্সিলারেট এবং সর্বশেষ ইউনিস্যাব রাইজ।

আয়োজকরা বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধানে সক্ষম করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Link copied!