গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৯:৩৮ এএম
রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
উৎসবের আমেজ ও নান্দনিকতার ছোয়ায় বর্ণিল সাজে সেজেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি), অপেক্ষার প্রহর শেষে রাত পেরোলেই ২৮তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের মাহেন্দ্রক্ষণ। উৎসবকে ঘিরে আলোকসজ্জা ও জমকালো আয়োজনে উচ্ছ্বাস বিরাজমান পুরো ক্যাম্পাস জুড়ে।
শনিবার (১১জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন হতে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিয়ে বর্ণাঢ্য র্যালির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে ক্যাম্পাসের মূল ফটক, বাদামতলা, প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনসহ পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন সাজে। লাল, নীল, বেগুনী আলোর মুখরিত পুরো ক্যাম্পাস। এছাড়া আনুষ্ঠানিকতার দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুত করা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনকে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বর্ণিল রঙের আলোকসজ্জার পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন চত্তরে শোভা পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ইতিহাসের বিভিন্ন ছবি ও ফেস্টুন। বাদামতলা জুড়ে স্থাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযুদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছবি।
সাজসজ্জা উপ কমিটির প্রধান মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহ-আলম বলেন, 'বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সকল পূর্ব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ক্যাম্পাসকে নানা সাজসজ্জায় সাজানোর পাশাপাশি প্রস্তুত করা হয়েছে পিএইচএ মিলনায়তনকে।
তিনি আরো বলেন, 'প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হবে দিনব্যাপী কর্মসূচি। কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিথিদের অভ্যর্থনা জানানো হবে। এসময় কেক কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিশ্বনিদ্যালয়ের লাইব্রেরি পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আনন্দ র্যালি বের হবে। পরবর্তীতে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে মূল পর্ব অনুষ্ঠিত হবে।'
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু উপস্থিত থাকবেন।
আয়োজনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে জোরদার। নিরাপত্তায় র্যাব,পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে বলে জানা গেছে।
আয়োজক কমিটির সদস্য সচিব ড. ফুয়াদ হোসেন বলেন, 'বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে আয়োজক কমিটি কাজ করে যাচ্ছে। শিক্ষামন্ত্রী আসায় একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, 'গণ বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী গত বছরগুলোর তুলনায় ভিন্নভাবে পালন করা হবে। শিক্ষামন্ত্রী ও ঢাকা ১৯ ও ২০ এর সংসদ সদস্যদের আগমনে সাজসজ্জার কাজ সম্পন্ন করা হচ্ছে। সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে র্যালির আয়োজন করা হয়েছে।'
উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৪ই জুলাই ঢাকার অদূরে সাভারে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ এবং প্রান্তিক পর্যায়ে শিক্ষা পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ৫টি অনুষদ এবং ১৭টি বিভাগে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।