রবিবার ১২, জুলাই ২০২৬

রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --

লিথুয়ানিইয়ায় পিএইচডি বৃত্তি পেলেন সাইফুল ইসলাম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের ২য় ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম লিথুয়ানিইয়ার ক্লাইপেদা ইউনিভার্সিটিতে ফিজিক্যাল জিওগ্রাফি বিষয়ে সম্পূর্ণ ফান্ডেড পিএইচডি বৃত্তি অর্জন করেছেন। এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি বিভাগের জন্যও একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সাইফুল ইসলাম ইতিপূর্বে লিথুয়ানিয়া থেকে ইকোলজি অ্যান্ড ক্লাইমেট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন এবং সম্প্রতি সেখান থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। তাঁর এই ধারাবাহিক একাডেমিক যাত্রা এখন পৌঁছেছে পিএইচডি পর্যায়ে, যা নিজ বিভাগের কোনো শিক্ষার্থীর জন্য একটি বিরল ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাইফুল ইসলাম সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে তিনি তাঁর বাবা-মা, বন্ধু, মেন্টর ও শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, যাঁরা তাঁকে এই পর্যায়ে পৌঁছাতে সর্বদা উৎসাহিত করেছেন।

দেশের গবেষণা পরিবেশ ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের একজন শিক্ষার্থীর জন্য বিদেশের দেশগুলো অনেক বড় সুযোগ নিয়ে আসে। সেখানে তারা নিজেদের গবেষণার কাজে অনেক বেশি সুবিধাপ্রাপ্ত মনে করে, যেখানে দেশের সামুদ্রিক গবেষণা খাত এখনো অনুন্নত রয়ে গেছে। সামুদ্রিক বিজ্ঞানে যাদের গভীর গবেষণার স্বপ্ন আছে, তাদের আরও বেশি সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন।

সাইফুল ইসলামের এই অর্জনের পাশাপাশি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশেনোগ্রাফি ২য় ব্যাচের আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর একাডেমিক যাত্রাও সমানভাবে উল্লেখযোগ্য। জানা গেছে, রুহুল করিম, জাহিদুল আলম রাহাত, ক্রিস্টিনা আনচল, আব্দুল্লাহ আল মাহমুদ, ইমতিয়াজ আহমেদ সাকিব, তানজুম কবির প্রপা এবং করবী কর্মকার বর্তমানে স্পেন, বেলজিয়াম, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও জার্মানিতে উচ্চতর অধ্যয়ন ও গবেষণা চালিয়ে যাচ্ছেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই শিক্ষার্থীদের বৈশ্বিক গবেষণা যাত্রা প্রমাণ করে যে, সঠিক পরিশ্রম ও নিষ্ঠা থাকলে বাংলাদেশের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সাইফুল ইসলামের এই অভাবনীয় সাফল্য ওশানোগ্রাফি বিভাগের ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

Link copied!