রবিবার ১২, জুলাই ২০২৬

রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --

আজ শুরু ভর্তি পরীক্ষা, আসনপ্রতি লড়বেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৮:৫৯ এএম

প্রতীকী ছবি

ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। 

পরীক্ষা বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত। রাজধানীর সরকারি সাতটি কলেজকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে এই পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ৪৯৮টি। এ ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। ফলে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় পাঁচজন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসনে বসতে হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং সব পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজে নেওয়া হবে।

পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। এছাড়া, যে বিভাগে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিষয়ে অন্তত ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

ভর্তি পরীক্ষা ও ভর্তি-সংক্রান্ত সর্বশেষ তথ্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট (www.dcu.ac.bd) থেকে জানা যাবে।

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই

অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। সেদিন দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞান ইউনিটে আবেদন করেছেন ৩১ হাজার ৫৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে আবেদন জমা পড়েছে ১১ হাজার ২৪৪টি। এ দুটি ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে ৪ হাজার ৭৯৫টি এবং ১ হাজার ৯৯৭টি। তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১১ হাজার ২৯০টি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।

Link copied!