রবিবার ১২, জুলাই ২০২৬

রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --

বিকেএসপিতে ক্রিকেটে স্নাতক ভর্তি, আবেদন শেষ ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ (প্রস্তাবিত ব্যাচেলর অব সায়েন্স (সম্মান) ইন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স) কোর্সে ভর্তির আবেদন আহ্বান করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কোর্সে এবার ক্রিকেট বিষয়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

আগ্রহীরা ৩০ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই কোর্সে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা আবাসিক কিংবা অনাবাসিক-দুই ধরনের ব্যবস্থাতেই পড়াশোনা করতে পারবেন।

যোগ্যতা

মানবিক, ব্যবসায় শিক্ষা, এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) এবং ডিপ্লোমা-ইন-কমার্স শাখার আবেদনকারীদের ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ এবং ২০২৪ বা ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। পাশাপাশি দুই পরীক্ষার গড় জিপিএ কমপক্ষে ৪.৫০ হতে হবে।

বিজ্ঞান ও এইচএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ এবং দুই পরীক্ষায় গড় জিপিএ কমপক্ষে ৪.৭৫ থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীর জাতীয়, বিভাগীয়, ঢাকা ক্রিকেট লিগের প্রথম বা দ্বিতীয় বিভাগ কিংবা জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) পর্যায়ে খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ আগস্ট সকাল ৯টায় বিকেএসপির জিরানী, সাভার ক্যাম্পাসে। পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর এমসিকিউ পদ্ধতিতে ৩০ নম্বর এবং ক্রীড়া দক্ষতা মূল্যায়নে ৭০ নম্বর থাকবে। পাশাপাশি এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের জন্যও নির্ধারিত নম্বর যোগ করা হবে।

আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইন আবেদন করার সময় এসএসসি ও এইচএসসির মার্কশিট, প্রশংসাপত্র, ক্রিকেটে খেলার অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্র আপলোড করতে হবে।

ভর্তি পরীক্ষার দিন আবেদনপত্রের প্রিন্ট কপি, সদ্য তোলা ছয় কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় সনদের ফটোকপি জমা দিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট খেলার প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম সঙ্গে আনতে হবে।

ফল প্রকাশ ও ক্লাস শুরু

ভর্তি পরীক্ষার ফল ২০ আগস্ট বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চূড়ান্ত ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ৩ সেপ্টেম্বর, আর ক্লাস শুরু হবে ৬ সেপ্টেম্বর।

আবেদন ফি

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। অনলাইনে Applicant Registration অপশনে গিয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি ২০২৬ নির্বাচন করে আবেদন ফরম পূরণ, সাবমিট, ফি পরিশোধ, পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট করতে হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিকেএসপির ওয়েবসাইটে পাওয়া যাবে।

Link copied!