প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সালেহা বেগম যুক্তরাষ্ট্রের তিনটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে পিএইচডি করার সুযোগ অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের গণিত বিভাগে এমএসসি অধ্যয়নরত।
Fall 2026 সেশনের জন্য তিনি University of California, Merced, Tulane University এবং Texas Tech University থেকে পিএইচডিতে ভর্তির অফার পেয়েছেন। প্রতিটি অফারের আওতায় রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ (Full Tuition Fee Waiver), Graduate Teaching Assistantship (GTA), স্বাস্থ্যবিমা (Health Insurance) এবং Summer Funding। এছাড়া Texas Tech University তাঁকে মর্যাদাপূর্ণ TTU Hutcheson Graduate Endowed Arts and Sciences Scholarship-এও মনোনীত করেছে।
একাধিক বিশ্ববিদ্যালয় থেকে আকর্ষণীয় অফার পেলেও গবেষণার ক্ষেত্র, একাডেমিক পরিবেশ এবং দীর্ঘমেয়াদি ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে সালেহা বেগম University of California, Merced-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তিনি Fall 2026 সেমিস্টার থেকে পিএইচডি গবেষণা শুরু করবেন।
সালেহা বেগম নোবিপ্রবির ফলিত গণিত বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক সম্পন্ন করেন এবং বিভাগে প্রথম স্থান অর্জন করেন। অসাধারণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তিনি ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। গবেষণাতেও তিনি সমানভাবে সফল। এ পর্যন্ত তাঁর চারটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি BUET-এর গণিত বিভাগে Teaching Assistant হিসেবে দায়িত্ব পালন করছেন।
নিজের এই অর্জনের জন্য তিনি সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তাঁর গবেষণা-তত্ত্বাবধায়ক ড. কে. এম. আরিফুল কবিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মেন্টর, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের দোয়া, দিকনির্দেশনা ও নিরন্তর সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানান।
ভবিষ্যতে ফলিত গণিতের গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করে সালেহা বেগম সবার কাছে দোয়া কামনা করে।
