আফরিন আক্তার ইতি,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম
বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --
ছবি।ক্যাম্পাস রিপোর্ট
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬–২৭ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠন, জেলা কল্যাণ সমিতি ও সামাজিক সংগঠন হেল্প ডেস্ক স্থাপন করেছে।
বুধবার (৮ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলাসংলগ্ন এলাকায় স্থাপিত এসব হেল্প ডেস্কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা ভর্তি-সংক্রান্ত তথ্য প্রদান, বিভাগ ও প্রশাসনিক দপ্তরের অবস্থান সম্পর্কে দিকনির্দেশনা, ক্যাম্পাস পরিচিতি, আবাসন-সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন। দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এসব সেবা গ্রহণ করছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক পিয়াস আহমেদ রিফাত বলেন, “দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কথা বিবেচনা করেই আমাদের এই উদ্যোগ। ভর্তি-সংক্রান্ত তথ্য, বিভিন্ন দপ্তরের অবস্থান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে তাদের ভর্তি কার্যক্রম সহজ ও নির্বিঘ্ন করার চেষ্টা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বাবু বলেন, “২০২৬–২৭ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল নবীন শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্য, ক্যাম্পাস পরিচিতি, আবাসন, বিভাগ ও একাডেমিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ অন্যান্য সহযোগিতায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে। একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠনে আমরা শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করতে চাই।”
সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতারা জানান, চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত হেল্প ডেস্কগুলো চালু থাকবে। পাশাপাশি বিভিন্ন জেলা কল্যাণ সমিতি ও অন্যান্য সক্রিয় সংগঠনও নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে, যাতে তারা নির্বিঘ্নে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
বিশ্ববিদ্যালয়ে প্রথমবার আসা অনেক শিক্ষার্থী ও অভিভাবক জানান, অপরিচিত পরিবেশে হেল্প ডেস্কগুলোর মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পাওয়ায় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে তাদের অনেক সুবিধা হয়েছে।