বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬

বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ -- : -- --

বৈরি আবহাওয়ায় বন্ধ চবির শাটল ট্রেন চলাচল

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৮:০১ পিএম

সংগৃহীত ছবি

টানা ভারী বর্ষণে রেললাইনের ওপর পানি জমে যাওয়া এবং কয়েকটি স্থানে গাছ পড়ে লাইন অবরুদ্ধ হওয়ায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন।

তিনি বলেন, "গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাতে রেললাইনে অতিরিক্ত জলাবদ্ধতা এবং লাইনের উপর কয়েক জায়গায় গাছ পড়ায় শাটল চলাচল বিকেল থেকে বন্ধ রয়েছে। এর আগে, দুপুর সময়ের দুইটা শাটল আটকা পড়েছিল। বৃষ্টি না থামাতে পানি নামছে কম, এজন্য কখন চালু হবে তা ঠিক বলা যাচ্ছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই নিয়মিত শিডিউলে শাটল চলাচল করবে।"

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টির কারণে রেলপথের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে বিকেল থেকে শাটল ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে কয়েকটি স্থানে গাছ উপড়ে রেললাইনের ওপর পড়ে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এর আগে বৈরি আবহাওয়ার কারণে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে এলে এবং রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে শাটল ট্রেন পুনরায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করবে।

Link copied!