প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম
বাংলাদেশে বর্তমানে মসজিদের সংখ্যা ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি। বিভাগভিত্তিক হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগ থেকে প্রকাশিত এক দাপ্তরিক তথ্যে এ পরিসংখ্যান জানানো হয়।
তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট মসজিদের সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।
এছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।
প্রতিষ্ঠানটি আলাদা করে জেলা ও উপজেলাভিত্তিক পরিসংখ্যানও প্রকাশ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এ দাপ্তরিক তথ্যে উপ-পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এবং সহকারী পরিচালক আয়েশা আক্তারেরও স্বাক্ষর রয়েছে।
ধারণা করা হচ্ছে, জরিপের বাইরে রয়ে গেছে অনেক মসজিদের তথ্য।
এর আগে ২৫ জুন (২০২৬) জাতীয় সংসদে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, দেশে বর্তমানে কতজন ইমাম ও মোয়াজ্জিন কর্মরত, তার সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের একটি হিসাব অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ১২৫। সেই হিসাবে ইমাম ও মোয়াজ্জিনের সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ২৫০ হতে পারে।
