প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১০:৫৩ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭) ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন তালিকা অনুযায়ী, আগের শিক্ষাবর্ষের তুলনায় ক্লাস ছুটির সংখ্যা কমেছে। অন্যদিকে অফিস ছুটির দিন বেড়েছে। এছাড়া সমাবর্তন এবং ছাত্র সংসদ নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সই করা ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। তালিকাটি প্রস্তুতের সময় সাপ্তাহিক শুক্র ও শনিবারের নিয়মিত ছুটি হিসাবের বাইরে রাখা হয়েছে।
এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট ৭৫ দিন ক্লাস ছুটি ছিল। একই সময়ে অফিস ছুটি ছিল ২৩ দিন।
নতুন প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ক্লাস ছুটি নির্ধারণ করা হয়েছে ৭১ দিন এবং অফিস ছুটি ২৭ দিন। অর্থাৎ, আগের বছরের তুলনায় ক্লাস ছুটি ৪ দিন কমলেও অফিস ছুটি বেড়েছে ৪ দিন।
