প্রকাশিত: ০১ জুলাই ২০২৬, ১১:৩৬ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেটের কার্যক্রম দ্রুত চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সিনেট সদস্য ফাহিম রেজা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর ২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপি দেওয়ার পর ফাহিম রেজা বলেন, সর্বশেষ কবে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, তা তার জানা নেই।
তিনি জানান, আগের প্রশাসন কোরাম পূরণ সাপেক্ষে সিনেট কার্যকর করার আশ্বাস দিয়েছিল। তবে বিধি অনুযায়ী, সিনেট সদস্যদের তিন ভাগের দুই ভাগ উপস্থিত না থাকলে কোরাম পূরণ হয় না। বর্তমানে অনেক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে এবং নির্বাচিত কয়েকজন সিনেট সদস্য ইতোমধ্যে মারা গেছেন, ফলে কোরাম সংকট আরও প্রকট হয়েছে। দ্রুত সিনেট কার্যকর করা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে উপাচার্য মো. ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সিনেট সচল করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
