প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১২:০৯ পিএম
বিশ্বকাপের মঞ্চে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় এসেছে আয়োজক ব্যবস্থাপনা। টুর্নামেন্টের লজিস্টিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফিফার বিরুদ্ধে কঠোর অভিযোগ তুলেছেন ইরানের অধিনায়ক মেহেদি তারেমি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ড্র করার পরও নকআউট পর্বে ওঠার সুযোগ হারায় ইরান। এর পরই দলের ভ্রমণ, আবাসন ও অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তারেমি।
ইরানের অধিনায়ক বলেন, বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় একটি দলের জন্য প্রয়োজনীয় পেশাদার সুবিধা নিশ্চিত করা জরুরি। তার দাবি, বারবার সমস্যার কথা জানানো হলেও ফিফার পক্ষ থেকে কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি।
শুক্রবার ম্যাচের পর তারেমি সাংবাদিকদের বলেন, 'এই বিশ্বকাপ একটা বিপর্যয়; চূড়ান্ত বিপর্যয়। এখানে সব সমস্যা ফিফার সমাধান করার কথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, শুরু থেকেই তারা কোনো সমস্যার সমাধান করতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের পর মি. ইনফান্তিনো আমাদের ড্রেসিংরুমে এসে বলেছিলেন, "সবে তো টুর্নামেন্ট শুরু..."। অথচ কাল গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে যাচ্ছে।'
তিনি আরও বলেন, 'আমাদের লজিস্টিক টিমের কেউ এখানে নেই—কারণ তাদের কাছে ভিসাই নেই! প্রতিবার আমাদের মেক্সিকোর তিহুয়ানা থেকে ট্র্যাভেল করে খেলতে আসতে হবে—এটা কীভাবে সম্ভব? তিহুয়ানার মানুষদের আমরা ভালোবাসি। মেক্সিকোকেও ভালোবাসি। তারা খুব অমায়িক, তাদের আমরা ভালোবাসি। কিন্তু একটা পেশাদার প্রতিযোগিতায় পেশাদার খেলোয়াড় হিসেবে এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। এটা একদমই ঠিক নয়।'
ক্ষোভ প্রকাশ করে তারেমি আরও বলেন, 'এটা অন্যায়। আমাদের মতে, এটা অনুচিত। ফিফার কাছে কি এটা ন্যায্য মনে হচ্ছে? যদি মনে হয়, সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা অন্যায়। কে আমাদের সাহায্য করতে চায়? তারা যদি চায় আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাই, ঠিক আছে; আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু এটা অন্যায়। আমাদের সাহায্য করার জন্য কোনো রিকভারি টিম বা লজিস্টিক স্টাফ নেই। আমরা বারবার এসব নিয়ে অভিযোগ করে আসছি, কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। কেউ না।'
ইরানের অভিযোগ, টুর্নামেন্ট চলাকালীন ভ্রমণ জটিলতা ও বিভিন্ন প্রশাসনিক সমস্যার কারণে দলকে বাড়তি চাপের মধ্যে পড়তে হয়েছে। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ অভিযান শেষ হয় তাদের।
