প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, দেশে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরে আসার চেষ্টা হলে তার বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলবে এনসিপি। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন।
রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, “পুরো বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। আওয়ামী লীগের বিষয়ে কোনো নয়-ছয় নেই। যারাই আওয়ামী লীগকে প্রশ্রয় দেবে তাদের বিরুদ্ধে আমাদের শক্তিশালী লড়াই হবে।”
পথসভায় সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন এনসিপির এই নেতা। তিনি বলেন, “খুনি রাষ্ট্র ভারতের বিএসএফ বাহিনী বাংলাদেশে পুশইনের মতো নেক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। সীমান্তে মানুষ ঠেলে দেওয়া কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না। এ বিষয়ে সরকারকে কঠোর কূটনৈতিক অবস্থান নিতে হবে।”
তিনি আরও বলেন, “সীমান্তবর্তী জেলাগুলোর মানুষ প্রতিদিন আতঙ্কে আছে। এনসিপি সীমান্তবাসীর পাশে আছে এবং যেকোনো অনুপ্রবেশের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।”
পথসভায় এনসিপির মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ জুড়ী, বড়লেখা ও কুলাউড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ছাত্র-জনতার আন্দোলনের চেতনা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পথসভা শেষে নেতাকর্মীরা জুড়ী বাজার এলাকায় একটি সংক্ষিপ্ত মিছিল বের করেন।
