প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৬:৫১ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার সাতগাঁও চা-কন্যা ভাস্কর্য সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত দুই যুবকের বাড়ি হবিগঞ্জ জেলায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাতগাঁও চা-কন্যা ভাস্কর্য এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। নিহত দুইজন মোটরসাইকেলে করে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা হবিগঞ্জের বাসিন্দা।
তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।”
দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সাতগাঁও চা-কন্যা ভাস্কর্য সংলগ্ন এলাকাটি মহাসড়কের একটি ঝুঁকিপূর্ণ বাঁক হওয়ায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সড়ক নিরাপত্তা জোরদার এবং প্রয়োজনীয় গতিরোধক স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
