প্রকাশিত: ২০ জুন ২০২৬, ১২:৩৯ এএম
বিশ্বের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম Harvard University–এর র্যাডক্লিফ ইনস্টিটিউট ফেলোশিপ কর্মসূচির জন্য আবেদন আহ্বান করেছে। এই ফেলোশিপের আওতায় মানবিক, সামাজিক বিজ্ঞান, সৃজনশীল শিল্প, বিজ্ঞান, গণিত ও প্রকৌশল বিষয়ে গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ পাবেন নির্বাচিত ফেলোরা। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন।
র্যাডক্লিফ ইনস্টিটিউটের ঘোষণা অনুযায়ী, মানবিক, সামাজিক বিজ্ঞান ও ক্রিয়েটিভ আর্টস বিভাগের আবেদনকারীরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। অন্যদিকে বিজ্ঞান, গণিত ও প্রকৌশল বিভাগের আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ অক্টোবর ২০২৬।
থাকছে আকর্ষণীয় আর্থিক সুবিধা
নির্বাচিত ফেলোদের ৭৮ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া গবেষণা বা প্রকল্প ব্যয়ের জন্য অতিরিক্ত ৫ হাজার মার্কিন ডলার বরাদ্দ থাকবে।
ফেলোরা হার্ভার্ডের লাইব্রেরি, গবেষণা সুবিধা, অফিস বা স্টুডিও স্পেস ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি পেশাগত উন্নয়ন, নেটওয়ার্কিং কার্যক্রম, স্বাস্থ্যসেবা সহায়তা এবং প্রয়োজন অনুযায়ী আবাসন, স্থানান্তর ও শিশু পরিচর্যার জন্য অতিরিক্ত অর্থায়নের সুবিধাও থাকবে।
৯ মাসের ফেলোশিপ
ফেলোশিপটি ৯ মাস মেয়াদি। নির্বাচিত প্রার্থীরা সেপ্টেম্বর ২০২৭ সালে কর্মসূচি শুরু করবেন এবং মে ২০২৮ সালে তা শেষ হবে। এ সময় তাদের যুক্তরাষ্ট্রের কেমব্রিজ বা বোস্টন এলাকায় অবস্থান করতে হবে।
আবেদনের যোগ্যতা
মানবিক ও সামাজিক বিজ্ঞানের আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি ফেলোশিপ শুরুর অন্তত চার বছর আগে সম্পন্ন হতে হবে। পাশাপাশি একটি মনোগ্রাফ অথবা রেফারিড জার্নাল কিংবা সম্পাদিত গ্রন্থে অন্তত দুটি প্রকাশনা থাকতে হবে।
বিজ্ঞান, গণিত ও প্রকৌশল বিভাগের আবেদনকারীদেরও সংশ্লিষ্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জনের পর কমপক্ষে চার বছর অতিবাহিত হতে হবে এবং রেফারিড জার্নালে অন্তত পাঁচটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে।
যেভাবে আবেদন
আগ্রহীরা র্যাডক্লিফ ফেলোশিপের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে র্যাডক্লিফ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে।
